ভার্চুয়াল ওয়াকআউট করবেন ফেসবুক কর্মীরা

২ জুন, ২০২০ ০৮:৫৩  
ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গের ওপর চটেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় হতাশ হয়েছেন তারা। পরিকল্পনা করেছেন ভার্চুয়াল ওয়াকআউটের। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ফেসবুক কর্মীরা, যাদের বেশিরভাগ এখনও বাড়ি থেকে কাজ করছেন, তারা ছুটি কাটাচ্ছেন এবং অফিস কাজের বাইরের একটি বার্তা- “অফিসের বাইরে থেকেই প্রতিবাদ প্রদর্শন” দিয়ে ওয়াক আউটের ইঙ্গিত দিয়েছেন। ইতোমধ্যেই তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য একটি দাবিনামা তৈরির কাজ শুরু করেছেন। ট্রাম্পের পোস্ট নিয়ে শুক্রবার সন্ধ্যায় জাকারবার্গের ঘোষণার কয়েক দিন পরেই এই ওয়াকআউট করা জানাগেছে। ওই ঘোষণায় জাকারবার্গ বলেছিলেন, ট্রোম্পের পোস্টটি টুইটারের “সহিংসতার মহিমা” নিয়ম ভঙ্গ করলেও ফেসবুকের নীতি লঙ্ঘন করেনি। এদিকে গত রবিবার রাতে জাকারবার্গ ঘোষণা করেছিলেন, ‘বর্ণবৈষম্য’রোধে যেসব গ্রুপ কাজ করছেন তাদেরকে দশ মিলিয়ন ডলার অনুদান দেবেন। তবে এই পদক্ষেপ কর্মীদের ওপর কোনো প্রভাব ফেলেনি। তারা সোমবার ওয়াক আউট করার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে ফেসবুকেরে একজন মুখপাত্র বলেছেন, “আমরা সাধারণ মানুষ, বিশেষ করে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের বেদনা অনুভব করছি। তাই আমরা প্রকাশ্যেই আমাদের নেতৃত্বের সঙ্গে যারা একমত নন তাদের প্রকাশ্যে কথা বলতে উৎসাহিত করছি।”